আগামী বছরের জুনে জি-ক্লাউডে যাচ্ছে বাংলাদেশ

২০ জুন, ২০২৩ ১৮:১৮  

আগামী বছরের জুনে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ। এর ফলে দেশের তথ্য দেশের সীমানার মধ্যেই সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার আইসিটি টাওয়ারে ওরাকল বাংলাদেশের সঙ্গে আইসিটি বিভাগের মধ্যে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি হস্তান্তর অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী, সৃজনশীল, সমাস্যার সমাধানকারী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা থেকেই কোডিং শেখানোর পাশাপাশি এআই, মেশিন লার্নিং ও ডেটা অ্যানালিটিক্স শেখাতে আইসিটি বিভাগ উদ্যোগ নেবে বলে জানান জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে গত বছর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমঝোতা চুক্তি অনুযায়ী স্থানীয় মেধাবীদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে আইসিটি’র মানবসম্পদ উন্নয়ন বিভাগকে সাহায্য করার প্রতিমন্ত্রীর স্বারক হস্তান্তর করেন ওরাকল বাংলাদেশের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।

আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ’র সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওরাকল জাপান ও এশিয়া প্রশান্ত মহাসগরিয় অঞ্চলের প্রেসিডেন্ট গ্যারেট ইক বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানেজুনাইদ আহমেদ বলেন, ইউরোপীয় কমিশনের আইন জিডিপিআর, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো দেশের আইনগুলো দেখে আমরা দেশের তথ্য সুরক্ষায় তথ্য ‍সুরক্ষা আইন তৈরি করছি। সেসব দেশের তথ্য সুরক্ষায় তথ্য নিজেদের দেশেই রাখা হয়। বিশ্বের মাত্র তিনটি দেশের কাছে এমন জি-ক্লাউড আছে; অস্ট্রেলিয়া, ওমান এবং কাতার। ওরাকলের সহযোগিতায় ন্যাশনাল ডাটা সেন্টারে আমরা এমন একটি ক্লাউড সার্ভার করছি। এটা চালু হলে আমরা হবো জি-ক্লাউড সার্ভার থাকা চতুর্থ দেশ। আমাদের জি-ক্লাউডে থাকা আমাদের ডাটা আমাদের দেশের সীমানার মধ্যেই থাকবে। তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে।

কেক কেটে গণমাধ্যম কর্মীদের সামনে চুক্তির বিষয় প্রকাশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই চুক্তির মাধ্যমে ডিজরাপটেড টেকনলোজি বিষয়ে তরুণদের ওরাকল একাডেমি ফ্রি প্রশিক্ষণ দেবে। আমরা দেশে শিল্পবান্ধব প্রযুক্তি দক্ষ জনসম্পদ গড়ে তুলতে ‘ব্লেন্ডেড এড্যুকেশন টাস্ক ফোর্স’ এর সদস্য হিসেবে শিক্ষা মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবো। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রযুক্তি দেয়া হবে।

এসময় বাংলাদেশে শিগগিরই নারীদের ফ্রি ক্লাউড প্রশিক্ষণ দেয়ার ঘোষণা দেন রুবাবা দৌলা। তিনি বলেন, গত ১৪ বছরে সরকারি বিভাগ এবং সমাজের প্রতিটি অংশে ডিজিটাল সেবা ব্যাপকভাবে গ্রহণ করার কারণে বাংলাদেশে মাথাপিছু আয় চারগুণ বেড়েছে। এই অগ্রযাত্রাকে ধরে রেখে সফল হওয়ার জন্য শিল্প প্রাসঙ্গিক জ্ঞান এবং ডিজিটাল দক্ষতা সম্পন্ন কর্মী বাহিনী গড়ে তুলতে হবে। ওরাকল একাডেমির মাধ্যমে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানকার শিক্ষকদের বিনামূল্যে প্রযুক্তিগত সহায়তা দেবো যেন তারা তাদের শিক্ষার্থীদের আইসিটি তে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারেন।

প্রসঙ্গত, এর আগে অস্ট্রেলিয়া, ওমান এবং কাতার জি-ক্লাউডে গেছে।